ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'গ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
সোমবার রাত সাড়ে ন'টায় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয় থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
উত্তীর্ণদের ফলাফল অনুষদ কার্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.univdhaka.edu) ফলাফল দেখা যাবে।
এবার ভর্তিপরীক্ষায় মোট ৩ হাজার ১ শত ৩৪ জন উত্তীর্ণ হয়।
এ ব্যাপারে ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আব্বাস আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম ০১ থেকে ৯০০ পর্যন্ত সাক্ষাতকারের জন্য ডাকা হয়েছে। ৮ ডিসেম্বর থেকে সাক্ষাতকার শুরু হবে। ওইদিন সকাল ৯-১২টা পর্যন্ত মেধাক্রম ০১-২৫০, বেলা ২-৫ টা পর্যন্ত মেধাক্রম ২৫১-৫০০, ৯ ডিসেম্বর সকাল ৯-১২ টা পর্যন্ত মেধাক্রম ৫০১-৭৫০, বেলা ২-৪টা মেধাক্রম ৭৫১-৯০০ পর্যন্ত। এর মধ্যে আসন পূরণ না হলে পরবর্তীতে অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাতকারের জন্য ডাকা হবে। কোনো শিক্ষার্থী তাদের ফল পুনঃনিরীক্ষা করতে চাইলে মঙ্গলবার থেকে অফিস চলাকালীন সময়ে এ জন্য আবেদন করা যাবে।
২০ নভেম্বর 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ৯ শ' আসনের জন্য প্রায় ২৮ হাজার পরীক্ষার্থী ১৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
এ ছাড়া 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর এবং 'ঘ' ইউনিটের পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৪০ ঘ.
bdnews24