ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ নভেম্বর (বুধবার) থেকে ঈদুল আযহার ছুুটি শুরু হচ্ছে। এ ছুটি শেষে ৩ ডিসেম্বর ক্লাস-পরীক্ষা শুরু হবে। তবে ১৩ ডিসেম্বর থেকে আবার ১৯ দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে বিভিন্ন উপলক্ষে।
রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের ছুটিতে হলের ক্যান্টিন ও মেস বন্ধ থাকবে। তবে হল বন্ধ হবে না।
নানা কারণে অনেক শিক্ষার্থী বাড়ি যেতে পারে না উল্লেখ করে তিনি বলেন, "ঈদের ছুটিতে বাড়ি না যাওয়া শিক্ষার্থীরা যাতে পরিবারের অভাব কিছুটা কম অনুভব করে সেজন্য আমরা হলে হলে পশু কোরবানী দেই।"
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মো. আশরাফ আলী জানান, ঈদুল আযহা উপলক্ষে ২৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও অফিস একযোগে বন্ধ হয়ে যাবে। অফিস খুলবে ২ ডিসেম্বর, ক্লাশ-পরীক্ষা শুরু হবে ৩ ডিসেম্বর।
তিনি বলেন, "ঈদের ছুটির পর ৩ ডিসেম্বর ক্লাশ শুরু হলেও ১৩ ডিসেম্বর থেকে তা আবার ১৯ দিনের জন্য বন্ধ হয়ে যাবে। শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, শীতকালীন ছুটি, যীশুখ্রিষ্টের জন্মদিন ও মহরম উপলক্ষে এ ছুটি দেওয়া হবে। এ সময় শুধু মহরম ও বিজয় দিবসে অফিসের জন্য ছুটি থাকবে।"
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অফিস বন্ধ থাকা অবস্থায় পরীক্ষাও বন্ধ থাকবে। তবে পরীক্ষার হলে আসন সঙ্কট থাকায় ক্লাশ শুরুর আগেই ২ ডিসেম্বর থেকেই বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়ে যাবে।"
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ম্যানেজার আজিজুল হক জানান, ২৫ নভেম্বর থেকে সব রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ হয়ে যাবে। এরপর ২ ডিসেম্বর আংশিক ও ৩ ডিসেম্বর থেকে পুরোদমে আবার সার্ভিস চালু হবে।
ঈদ উপলক্ষে প্রতিবারের মত এবারো ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আগামী ২৮ নভেম্বর ঈদুল আযহা উদযাপিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৯৩৫ ঘ.
bdnews24