ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বুধবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে ওই সংঘাত বাঁধে বলে শিক্ষার্থীরা জানায়।
তবে দুই নেতাই ঘটনাটিকে 'দুঃখজনক' বলে মন্তব্য করেছেন।
সংঘর্ষে আহতরা হলেন- পলাশ রহমান, নাজমুল ইসলাম, রাসেল মাহমুদ, রহমান চৌধুরী ও দ্বীন ইসলাম।
দুপুর ২টায় শহীদ মিনারের সামনে দুই পক্ষ রড ও লাঠি-সোঁটা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে প্রক্টর ও ছাত্রলীগ নেতারা এসে পরিস্থিতি সামাল দেন।
জবি ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি বিছিন্ন ঘটনা।"
"কিছু অতি উৎসাহী আজকের ঘটনার জন্য দায়ী", বলেন সাধারণ সম্পাদক কাজী আবু সাঈদ।
প্রক্টর কাজি আসাদ জানান, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24