খুলনা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন ছাত্রকে লাঞ্ছিত করার প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্ররা শুক্রবার একঘণ্টা সড়ক অবরোধ করেছে।
খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ি গেট এলাকায় রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অবরোধ চলাকালে কয়েক শ' যানবাহন আটকা পড়ে।
খান জাহান আলী থানার ওসি মোস্তফা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে কুয়েটের খান জাহান আলী হলের ছাত্র অর্ঘ্য'র একটি মোবাইল ফোন চুরি হয়। সন্ধ্যার পর অর্ঘ্য কুয়েটের প্রধান গেটের সামনে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় খান জাহান আলী থানা এলাকার পরিচিত তিন চারজন যুবক অর্ঘ্য'র মোবাইল চুরির ঘটনাটি শুনতে চায়। এ নিয়ে কথা বলার এক পর্যায়ে তারা বিতর্কে জড়িয়ে পড়ে। তারপর তারা অর্র্র্র্ঘ্যকে মারধর করে।
এ খবর কুয়েট ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ৩/৪ শ' সাধারণ ছাত্র খুলনা-যশোর মহাসড়কে নেমে আসে।
পরে পুলিশ এসে ছাত্রদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ কর্মকর্তা জানান।
ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24