২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানীতির খসড়া বাতিলে বিএনপি সমর্থক শিক্ষকদের কর্মসূচি

প্রস্তাবিত শিক্ষানীতির খসড়া বাতিলের দাবিতে তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সমর্থিত সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 10:12 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতির খসড়া বাতিলের দাবিতে তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সমর্থিত সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, "সরকারের এই শিক্ষানীতি চালু হলে ইসলাম ধর্মের মূল্যবোধের ওপর আঘাত আসবে। তাই এটা কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। "আমরা প্রস্তাবিত এ শিক্ষনীতির খসড়া বাতিল করে দেশের মানুষ ও শিক্ষক সমাজের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।" প্রস্তাবিত শিক্ষানীতির সঙ্গে শিক্ষক সমাজের কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, "এর খসড়ায় শিক্ষক সমাজকে অবহেলা করা হয়েছে।" দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত রাজনৈতিক দলের নেতাদের, ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত গণমাধ্যম সম্পাদকদের, ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সাংসদদের, ৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পেশাজীবী ও ৩০ ডিসেম্বর বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা এবং ৭ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ ও ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবসে শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বাংলাদেশ শিক্ষক সমিতি ও কলেজ শিক্ষক সমিতির যৌথ ত্রি-বার্ষিক সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। এ শিক্ষানীতি বাস্তবায়ন হলে দেশের লাখ লাখ শিক্ষক-কর্মচারী চাকুরিচ্যুত হবে মন্তব্য করে সেলিম ভূঁইয়া বলেন, "শিক্ষক সমাজ যে কোনো কিছুর বিনিময়ে এটা প্রতিহত করবে।" "আমরা এমন শিক্ষানীতি চাই যা কোনো দলীয় শিক্ষানীতি হবে না, হবে জাতীয় শিক্ষানীতি", বলেন তিনি। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ইসলাম ধর্মকে বাদ দেওয়া হচ্ছে দাবি করে সেলিম ভূঁইয়া বলেন, "আমরা মনে করি, এটা ইসলাম ধর্মের প্রতি চরম আঘাত। "দশম শ্রেণী পর্যন্ত ইসলাম ধর্মকে আবশ্যিক বিষয় হিসেবে রাখতে হবে। নইলে এই শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।" সংবাদ সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট নেতা কাজী আবদুর রাজ্জাক, অধ্যক্ষ চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, মাওলানা এম এ লতিফ, প্রিন্সিপাল রেজাউল করীম, জাকির হোসেন, অধ্যক্ষ লুল-উল-বাহার, মাওলানা দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এজে/জিএনএ/১৬০৫ ঘ.