ঢাকা, ২৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ক্লাশ-পরীক্ষার ক্ষতি না হওয়ার নিশ্চয়তা পেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব নেই দাবি করে তিনি বলেন, "মানসিক কিছু বাধা রয়েছে। ক্লাস-পরীক্ষার ক্ষতি না হওয়ার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব ছাত্র সংগঠনগুলোর। এটা নিশ্চিত হলেই কর্তৃপক্ষের আর মানসিক বাধা থাকবে না।"
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় 'যোগাযোগ ইশকুল' আয়োজিত 'ডাকসু নির্বাচনে বাধা ও করণীয়' শীর্ষক আলোচনা সভায় উপাচার্য এসব কথা বলেন।
সভায় বেশিরভাগ আলোচক ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা সব বাধা অপসারণ করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবি জানান।
১৯৯০ সালের ৬ জুন সর্বশেষ ডাকসু নির্বাচন হয়। এরপর গত প্রায় ১৯ বছরে কোন নির্বাচন হয়নি।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, "ডাকসু নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিকানা ক্যাম্পাসের বাইরে চলে গেছে। তাই ডাকসু নির্বাচন অনুষ্ঠানে এখন ছাত্র-শিক্ষক ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।"
ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) ও সিপিবি'র নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "ছাত্র সংগঠনগুলোর মাঝে পরাজয় মেনে নেওয়ার মানসিকতা না থাকায় ডাকসু নির্বাচন অনুষ্ঠান করা যাচ্ছে না।"
ডাকসুর আরেক সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে যে কোন সময় ডাকসু নির্বাচন দেওয়া সম্ভব। অন্য কোন বাধা এ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না।"
যারা দুঃশাসন কায়েম করতে চায় তাদের মদদেই বছরের পর বছর ডাকসুতে অচলাবস্থা চলছে বলে অভিযোগ করেন ডাকসুর সর্বশেষ সাধারণ সম্পাদক (জিএস) খায়রুল কবির খোকন।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "অতীতের যে কোন সময়ের চেয়ে এখন ডাকসু নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। তাই কর্তৃপক্ষের অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত।"
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে প্রতিটি হলে সহাবস্থান নিশ্চিত করতে হবে জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, "জাতীয় নির্বাচনের পর থেকে এ পর্যন্ত ছাত্রলীগের হাতে ছাত্রদলের তিন শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। এ অবস্থায় নির্বাচন হতে পারে না।"
তবে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, ডাকসু নির্বাচনের জন্য বর্তমানে অতীতের চেয়ে অনেক ভালো পরিবেশ রয়েছে। তাই কর্তৃপক্ষের দ্রুত নির্বাচনের উদ্যোগ নেওয়া উচিত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রোকেয়া হলের সাবেক ভিপি শিরীন সুলতানা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রিয়াদুল করিম প্রমুখ বক্তব্য দেন।
১৯৯০ সালে নির্বাচিত সর্বশেষ ডাকসু এক বছরের জায়গায় দীর্ঘ আট বছর দায়িত্ব পালন করে।
পরে ১৯৯৮ সালের ২৮ মে ডাকসু পরিষদ বিলুপ্ত করা হয়। এরপর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও পরিবেশ নেই কারণ দেখিয়ে ছাত্রদল নির্বাচনের দিকে যায় নি।
একই কারণে বিগত বিএনপি সরকারের আমলেও ডাকসু নির্বাচন করা হয় নি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবার ডাকসু নির্বাচনের বিষয়টি আলোচনায় উঠে আসে। স
bdnews24