ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে বাস ভাংচুরের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০ ছাত্রকে মঙ্গলবার বিকালে আটক করেছে খিলক্ষেত থানা পুলিশ।
পুলিশ বলছে, বনানীতে কয়েকটি বাস ভাংচুর করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলে যাওয়ার পথে খিলক্ষেতে ওই বিশ্ববিদ্যালয়ের বাস আটকে ৩০ ছাত্রকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের সঙ্গে বচসার জের ধরে এ ঘটনা ঘটেছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বনানীর কাকলী এলাকায় ছাত্ররা কিছু বাস ভাঙচুর করে পালাচ্ছিল অভিযোগ পেয়ে খিলক্ষেত থানা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাস আটকে ৩০ ছাত্রকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
বনশ্রী প্রভাতী পরিবহনের টিকেট বিক্রেতাদের সঙ্গে বচসার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সোমবারও সাতটি গাড়ি ভাংচুর করে বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্ররা মঙ্গলবারও কাকলী মোড়ে বনশ্রী প্রভাতী পরিবহনের বাসসহ চারটি বাস ভাংচুর করে। এরপর তারা চলে যাওয়ার সময় তাদের আটক করতে খিলক্ষেত থানায় খবর দেওয়া হয়।"
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কাজী আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাড়া নিয়ে বচসার জের ধরে বাস শ্রমিকরা কয়েকজন ছাত্রকে পুলিশে দিয়েছে।"
তিনি জানান, গত রোববার কাকলীতে বনশ্রী প্রভাতী পরিবহনের টিকেট বিক্রেতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলামের বচসা হয়।
তিনি বলেন, "রাকিবুল সোমবার বন্ধুদের নিয়ে ওই ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রভাতী কাউন্টারের কর্মীরা তাদের মারধর করে। মঙ্গলবার সে বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে বাড়ি ফেরার পথে বন্ধুদের নিয়ে আবারও সেখানে যায়। এরপরই ছাত্রদের আটক করা হয়।"
পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য ভাড়া করা বিআরটিসি বাসটিও আটক করে খিলক্ষেত থানায় নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এমআই/১৮১৮ ঘ.
bdnews24