ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া নিয়ে বচসার জের ধরে মঙ্গলবার দুপুরে একটি গাড়িতে আগুন এবং কয়েকটি গাড়ি ভাংচুর করেছে রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
বেলা ১২টার দিকের এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাখালী-গুলশান ১ নম্বর সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আশপাশের সড়কে দেখা দিয়েছে প্রচণ্ড যানজট।
ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর থেকে বনশ্রীগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের শ্রমিকদের সঙ্গে কলেজ ছাত্রদের ভাড়া নিয়ে বচসা হয়।
তিনি বলেন, "ছাত্ররা বলছে, তাদের চলন্ত গাড়ি থেকে শ্রমিকরা ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। আর শ্রমিকরা দাবি করছে, গাড়িতে উঠে ছাত্ররা কোনও ভাড়া দেয়নি।"
বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধের কথা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্ররা রাস্তায় নেমে আসে। তারা কয়েকটি গাড়ি ভাংচুর এবং একটি গাড়িতে আগুন দেয়। ওই সময় সড়কে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দোকান-পাটও বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।
তবে আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনায় গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা আলম।
তিনি বলেন, "খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ছাত্রদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা গেছে।"
দুপুর ১টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। তবে মহাখালী থেকে বনানী সড়কে যানজট দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১৩১০ ঘ.
bdnews24