২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ, পদত্যাগের ঘোষণা উপাচার্যের

ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে এই সংঘর্ষে দুই সংগঠনের অন্তত ২৫ শিক্ষার্থীসহ ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 04:25 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

কুমিল্লা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে এই সংঘর্ষে দুই সংগঠনের অন্তত ২৫ শিক্ষার্থীসহ ৩০ জন আহত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক এ এইচ এম জেহাদুল করীম পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, প্রায় এক মাস বন্ধ থাকার পর গত রোববার বিশ্ববিদ্যালয় খুললে ছাত্রলীগের একটি গ্র"প দুর্নীতির অভিযোগে উপচার্য অধ্যাপক এ এইচ এম জেহাদুল করীমের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। ওইদিন তারা উপচার্যকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখলে পুলিশ গিয়ে মুক্ত করে। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে যাননি। বুধবার সকালে তিনি আবার ক্যাম্পাসে গেলে উত্তেজনা দেখা দেয়। এ সময় শিবির কর্মীরা প্রশাসনিক ভবন এলাকায় মহড়া দিতে থাকলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা। পরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংঘর্ষ চলে। সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব ও পুলিশ প্রহরায় উপাচার্য ক্যাম্পাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী মাসুম ও অর্নব জানান, সংঘর্ষে তাদের ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ইমরান, রুহুল, শাহরিয়ার, শাওন, শোভন, চঞ্চল ও যুবায়েদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ছাত্রশিবির কুমিল্লা শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে। এর মধ্যে শাহাদাৎ শরীফুল ইমাম, আবদুর রহমান ও মাহাবুবুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান জানান, ১৫ অক্টোবর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। হল ও অফিস খোলা থাকবে। ভর্তি প্রক্রিয়া চলবে। উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, "কাল (বৃহস্পতিবার) থেকে আমি আর বিশ্ববিদ্যালয়ে যাব না। আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.