২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল কলেজের এক আসনের জন্য লড়বে ১৬ জন

চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ১৬ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের ১৭টি সরকারি মেডিকেল কলেজের ২৩১০টি আসনের বিপরীতে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের মোট ৩৬ হাজার ১৭০টি আবেদন জমা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ১৬ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের ১৭টি সরকারি মেডিকেল কলেজের ২৩১০টি আসনের বিপরীতে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের মোট ৩৬ হাজার ১৭০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২২৫০টি আসনে সাধারণ ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি ৬০টি আসন পশ্চাৎপদ জনগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্যে সংরক্ষিত থাকছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বছর প্রতিটি আসনে গড়ে ১৬ করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ অক্টোবর সকাল ১০টায় ১৭টি মেডিকেল কলেজে একযোগে এই ভর্তি পরীক্ষা হবে।" ভর্তি পরীক্ষার কারণে ১০ অক্টোবর পর্যন্ত সকল প্রকার মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা একযোগে নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। নভেম্বরের মাঝামাঝি এই ভর্তি পরীক্ষা হতে পারে। সিফায়েত উল্লাহ জানান, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষাও একসঙ্গে করার জন্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নভেম্বরের মাঝামাঝি এই ভর্তি পরীক্ষা হতে পারে। এবার ভর্তি ফরমের মূল্য ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে হতে পারে। তিনি বলেন, "বেসরকারি মেডিকেল কলেজগুলোর টিউশন ফি ও উন্নয়ন ফি বাবদ অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। আমরা এক্ষেত্রে সর্বোচ্চ একটি সীমা নির্ধারণ করে দেওয়ার কথা ভাবছি। এর বেশি কেউ নিতে পারবে না। ফলে এক্ষেত্রে একটি সাম্যতা আসবে বলে আশা করছি।" দেশে বর্তমানে ৩৮টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। নাইটিংগেল নামের আশুলিয়া একটি মেডিকেল কলেজ থাকলেও সেখানে সকল প্রকার ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২২৩৩ ঘ.