জবি, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগের দিনের ছাত্র-পুলিশ সংঘর্ষের পর বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাস এবং আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ক্যাম্পাসে সাংবাদিকসহ কাউকেই ঢুকতে দিচ্ছে না।
মঙ্গলবারের ঘটনায় কোতোয়ালি থানার উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে ছয় ছাত্রের নামে মামলা করেছেন। এরা হলেন মিজানুর রহমান, মোরশেদ হোসেন, কবির হোসেন, জাহিদুর রহমান, সৈকত মজুমদার ও আবদুল মান্নান।
আটক এ ছাত্রদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়।
প্রক্টর কাজী আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটককৃত ছাত্রদের খুব দ্রুত ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। হলগুলো উদ্ধারে আমরা অনেকদূর এগিয়েছি। তবে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।"
এদিকে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা মূল ফটক দিয়ে ঢুকতে চাইলে তিন সাংবাদিককে পুলিশ মেরে আহত করে। এরা হলেন যায় যায় দিনের এম মামুন হোসেন, ভোরের কাগজের গোলাম মোস্তফা ও যুগান্তরের পন্নি রহমান। এর প্রতিবাদে সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে দায়ী পুলিশের শাস্তি দাবি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৪৫৭ঘ.
bdnews24