২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বিষয়ে ভর্তি : হাইকোর্টের রায়ের ব্যাপারে বুধবার ফের শুনানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজিসহ সাত বিষয়ে ভর্তির ক্ষেত্রে শর্তারোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় সোমবার স্থগিত করেনি সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজিসহ সাত বিষয়ে ভর্তির ক্ষেত্রে শর্তারোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় সোমবার স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। ওই রায়ের ব্যাপারে স্থগিতাদেশ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি শেষে আগামী বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এর ওপর শুনানির দিন ধার্য হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি তাফাজ্জাল ইসলাম এই দিন ধার্য করেন। গত ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষে 'খ' ও 'ঘ' ইউনিটে বাংলা, ইংরেজিসহ সাতটি বিষয়ে ভর্তির ক্ষেত্রে শর্ত আরোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এই রায় স্থগিতের আবেদনের ওপর শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট এ এফ এম মেজবাহউদ্দিন, এম কে রহমান ও ড. শাহদীন মালিক। রিট আবেদনকারীর পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি বিষয়ে ভর্তির ক্ষেত্রে বাংলায় দুইশ' ও ইংরেজিতে দুইশ' নম্বরের ওপর যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা দেয়নি তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না- ভর্তি-বিজ্ঞপ্তিতে এ রকম শর্ত ছিল। এ সাতটি বিষয় হল- বাংলা, ইংরেজি, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাতত্ত্ব এবং জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিস। এর মধ্যে বাংলা ও ইংরেজিসহ কয়েকটি বিষয়ে এ শর্ত আগে থেকেই ছিল। এ শর্তের পেছনে কর্তৃপক্ষের যুক্তি হচ্ছে কিছু বিষয়ে উচ্চশিক্ষার জন্য একটি নির্দিষ্ট মাত্রার ভাষাগত দক্ষতা থাকা প্রয়োজন। এই শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে ইব্রাহিম খলিলসহ আলিম পাস ৫ ছাত্র গতবছর ২৬ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এইচএ/এসকে/২২২৯ঘ.