চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতি, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও চাকরি স্থায়ীকরণের জন্য ডাকা সিলেকশন বোর্ড ও সিন্ডিকেটের সভা শনিবার স্থগিত ঘোষণা করেছেন উপাচার্য। অনেক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এ ধরনের সভা ডাকা বন্ধ করতে উপচার্য এম বদিউল আলমের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক সুলতান আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেলে উপাচার্য টেলিফোনে সিন্ডিকেট সদস্যদের সঙ্গে আলোচনার পর আগামী সোমবার অনুষ্ঠেয় সিন্ডিকেট সভা স্থগিত করেছেন। একইসঙ্গে তিনি আজ (শনিবার) ও আগামীকালের (রোববার) বিভিন্ন সিলেকশন সভাও স্থগিত করেছেন।
এদিকে একটি কটেজ থেকে শিবির কর্মীরা ছাত্রলীগ কর্মীদের বের করে দিয়েছে- এ অভিযোগে ছাত্রলীগ শনিবার উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাস অবরুদ্ধ করে রেখেছে। উপাচার্য বদিউল আলম তার বাসায় অবরুদ্ধ অবস্থায় থেকেই ফোনে সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে রয়েছে।
সিন্ডিকেটের আরেক সদস্য মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষকদের চাপের মুখে শনিবার বিকেলে সিন্ডিকেট ও সিলেকশন সভা স্থগিত করা হয়েছে। ১৯ জানুয়ারির সিন্ডিকেটে নতুন নিয়োগসহ প্রায় ৪৫জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ স্থায়ীকরণের বিষয় চূড়ান্ত করার আলোচনা হওয়ার কথা ছিল।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী পরিষদের ব্যানারে গত দুইদিন উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান বজল হক, তথ্য দপ্তরের ফরহাদ হোসেন, পরিবহনের পরিচালক মো. ফয়জুল্লাহর সহযোগিতার অভিযোগ করা হয়েছে।
লিফলেটে অবিলম্বে এসব নিয়োগ বন্ধের দাবি জানানো হয়।
আরেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. কামাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব নিয়োগ নিয়ে শিক্ষকদের একাংশেরও আপত্তি রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিরত থাকার জন্য মৌখিকভাবে নির্দেশ দেয়। কিন্তু এ সত্ত্বেও শিক্ষক নিয়োগ, শিক্ষকদের পদোন্নতি, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য শনি ও রোববার সিলেকশন কমিটির সভা ডেকেছিলেন উপাচার্য।
এ নিয়ে অনেক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এ প্রসঙ্গে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি ও জামায়াত দলীয় এ উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ অনেক দিনের। এ নিয়ে আমরা আগেও প্রতিবাদ করেছিলাম। কিন্তু সরকারের সমর্থনপুষ্ট হওয়ায় এতদিন তিনি গা করেননি। সরকার বদলের পর এবার শিক্ষকরা এর জোরালো প্রতিবাদ করেন।"
উপাচার্য বদিউল আলম ছাত্রলীগের আন্দোলনের মুখে বাসভবনে অবরুদ্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএইচবি/১৮২৪ ঘ.
bdnews24