ঢাকা,জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শিক্ষা ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন নতুন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার বিকালে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে 'মাধ্যমিক স্তরে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ও বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়ন' শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্পের (এসইএসডিপি) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ প্রায় তিনশ প্রশিক্ষণার্থী অংশ নেন।
মন্ত্রী তাদের উদ্দেশে বলেন, "শিক্ষা ক্ষেত্রে কোন দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। সৃজনশীল এবং উদ্যোগী কাজে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।"
গত ৬ জানুয়ারি শপথ নেওয়ার পর মন্ত্রণালয়ের বাইরে এটিই ছিল মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মসুচি।
নিরক্ষরতামুক্ত জাতি গঠনকে জাতির সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ শিক্ষা যেন মান সম্মত হয় সেদিকে সতর্ক থাকতে বলেন।
তিনি বলেন, শিশুদের স্কুলে ভর্তির হার প্রায় ৯০ ভাগ হলেও পঞ্চম শ্রেণী পার করার আগেই প্রায় পঞ্চাশ শতাংশ ঝরে পড়ে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসইএসডিপি'র পরিচালক অধ্যাপক আতিয়ার রহমান।
মুখস্ত নির্ভর পড়াশোনার পরিবর্তে শিক্ষার্থীর অনুধাবন, প্রয়োগ ও মূল্যায়ন প্রভৃতি বিষয়ে দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২০১০ সালের এসএসসি পরীক্ষায় শুধু বাংলা ও ধর্ম শিক্ষা বিষয়ে এবং ২০১১ সাল থেকে সব বিষয়ে এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২১৩৬ঘ.
bdnews24