২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএল কলেজে সংঘর্ষের মামলায় দুই শিবির নেতা কারাগারে

খুলনায় ব্রজ লাল (বিএল) কলেজে ছাত্রলীগ-ছাত্র শিবির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের করা মামলায় শিবিরের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

খুলনা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় ব্রজ লাল (বিএল) কলেজে ছাত্রলীগ-ছাত্র শিবির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের করা মামলায় শিবিরের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন- মহানগর ছাত্র শিবির সভাপতি মিয়া মুজাহিদুল ইসলাম এবং কলেজ শাখা সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফারাজী। মঙ্গলবার মামলার ১২ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামান দুই শিবির নেতাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। অপর ১০ আসামির জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া আসামিরা হলেন- ইসলামী ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি সাঈদুর রহমান, কর্মী রফিকুল ইসলাম, মামুনুর রশীদ, মামুন, জোহা হল শাখার সভাপতি মাহাবুবুর রহমান, কর্মী প্রিন্স, তিতুমীর হল শাখার সভাপতি মাসুম, কর্মী আবদুস সালাম, নোমান ও মঞ্জু। ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিয়ে গত ৫ জানুয়ারি ওই দুটি ছাত্র সংগঠনের সংঘর্ষে দুই সংগঠনের অন্তত ১৩ জন আহত হন। এ ঘটনায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ওইরাতে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দোলন কুমার মিস্ত্রি বাদী হয়ে ছাত্র শিবিরের ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। এতে আসামিদের বিরুদ্ধে হামলা, ভাংচুর ও আহত করার অভিযোগ আনা হয়। দৌলতপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার ১২ আসামি মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পন করেন। এ সময় তাদের পক্ষে কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত মিয়া মুজাহিদুল ইসলাম ও আজিজুল ইসলাম ফারাজীর জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান এবং অপর ১০ জনকে জামিন দেন। শিবিরের দুই নেতাকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও রয়্যাল চত্বরে সমাবেশ হয়েছে। মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোকাররম বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন- মহানগর জামায়াতের আমির মিয়া গোলাম পরওয়ার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২২ ঘ.