ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শনিবার ছাত্রলীগ কর্মীদের পিটুনিতে ছাত্রদলের দুই কর্মী আহত হয়েছেন।
আহত মোজাহের হোসেন ও রিমন হোসেন জুয়েল অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র। তাদের পুরান ঢাকার সুমনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে টিউটরিয়াল পরীক্ষা শেষে অর্থনীতি বিভাগের দ্বিতীয় তলা থেকে নিচে নামার সময় ছাত্রলীগের কর্মীরা রড, লাঠি, বাঁশ দিয়ে পিটিয়ে মোজাহের ও জুয়েলকে আহত করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
ঘটনার পর ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি বিছিন্ন ঘটনা। আমরা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করব।"
প্রক্টর কাজী আসাদ বলেন, "আমরা সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা নিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২২৭ ঘ.
bdnews24