২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি হলে সংঘর্ষের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান হলে বৃহস্পতিবার রাতভর সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন এক ছাত্রলীগ কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান হলে বৃহস্পতিবার রাতভর সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন এক ছাত্রলীগ কর্মী। শাহবাগ থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র সাইফুল ইসলাম সোহাগ শনিবার এ মামলা দায়ের করেন। 'হত্যার চেষ্টা'র অভিযোগে ওই হলের ১৫ জনকে এতে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- মোস্তফা কামাল, সালমান, রাকিব হাসান, সেলিম রেজা, খোকন হাওলাদার, শরীফ মাতব্বর, শামীম, তৌহিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, জাকারিয়া রহমান জিকো, আজিজুর রহমান, শহীদুল ইসলাম শহীদ, সাইদুর রহমান সোহাগ, জসীম, এএফএম হাফিজুর রহমান। এদের মধ্যে খোকন হাওলাদার, সেলিম রেজা, জাকারিয়া রহমান জিকো, তৌহিদুল ইসলাম ও রাশিদুল ইসলামকে ঘটনার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। মামলার বাদী সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সোহাগ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশার সমর্থক। বৃহস্পতিবার রাতে জিয়াউর রহমান হলে বাদশার সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপুর সমর্থকদের সংঘর্ষ হয়। ছাত্রদলের এক কর্মীকে হল থেকে বের করে দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিদ্বন্দ্বী এ দুই গ্র"পের সমর্থকরা রাতভর মারামারি করে। এতে চারজন আহত হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে হলের প্রাধ্যক্ষ বোরহানউদ্দিন খান শুক্রবার পদত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/জেকে/এসকে/২১২৪ঘ.