২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি জিয়া হল থেকে ১০টি ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মীদের নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ হলে তল্লাশি চালিয়ে ছাদের পানির ট্যাঙ্কির নিচ থেকে ককটেলগুলো উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মীদের নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ হলে তল্লাশি চালিয়ে ছাদের পানির ট্যাঙ্কির নিচ থেকে ককটেলগুলো উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমান হলে ছাত্রলীগের জুনিয়র কর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ওই ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিনজন আহত হয়। এরা হলো জসিম, সালমান এবং তৌহিদ। হল প্রাধ্যক্ষ অধ্যাপক বোরহান উদ্দিন খান সাংবাদিকদের জানান, ছাত্রলীগের জুনিয়র কর্মীরা ব্যক্তিগত কারণে নিজেদের মধ্যে ধাওয়া-ধাওয়ি করে। ছাত্রলীগের নেতারা তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন। প্রাধ্যক্ষ আরো জানান, পুলিশে খবর দেওয়া হলে তারা এসে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটে থাকা দশটি ককটেল উদ্ধার করে। এ সময় বোমা বিশেষজ্ঞ বাহিনী ককটেলগুলো সরিয়ে নেয়। হলের নিরাপত্তায় গেটে পুলিশ নিয়োজিত থাকবে কিনা এ প্রশ্নের উত্তরে প্রাধ্যক্ষ বলেন, "হলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময়ই খেয়াল রাখবে। তবে এখনই হল গেটে পুলিশ মোতায়েন করা হবেনা।" ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা হলের পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ঘটনায় জড়িতদের মধ্যে ছয়জনকে চিহ্নিত করে হল কর্তৃপক্ষের কাছে নাম দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শেখ সোহেল রানা টিপু সাংবাদিকদের বলেন, হলে যারাই স্বাভাবিক পরিবেশ নষ্ট করবে চিহ্নিত করতে পারলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হল প্রাধ্যক্ষ জানান, এ নামগুলো পুলিশের কাছে দেওয়া হয়েছে। পুলিশকে তাদের দেখা মাত্রই আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদের বলেন, এ ককটেলগুলো হলের ছাদেই তৈরি করা হয়েছে। এগুলো ছাড়া হলে অন্য কিছু পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৮৪৭ঘ.