ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসে কথিত আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক গাজী আবু সাইদের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।
প্রতক্ষ্যদর্শী প্রক্টর ড. কাজী আসাদ বিডি নিউজকে বলেন সোমবার বিকাল ৪টায় বিজনেস স্টাডিজ ভবনের সামনে সম্পাদক গ্র"পের সৈকত বিন আকবর তার বন্ধুদের নিয়ে আড্ডা মারার সময় সভাপতি গ্র"পের শ্রাবণ আহমেদ দলবল নিয়ে তাদের পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, "অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের দু'দলের মারামারি হয়েছে। এতে চারজন ছাত্র আহত হয়েছে।"
আহতরা হলেন, হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর সৈকত বিন আকবর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের নাসির হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের তুহিন আহম্মেদ ও দেলোয়ার হোসেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় সুমনা ক্লিনিকে নেওয়া হয়।
ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
২০০৬ সাল থেকে বিদ্যমান এ কমিটির দুই গ্র"পে ইতিপূর্বে একাধিক সংঘর্ষ হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখায় কোন কোন্দল নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসকে/১৯৫২ঘ.
bdnews24