ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় এফ রহমান হলের ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম আমিনসহ ৪ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। শনিবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যদের কমিটিও গঠন করা হয়েছে।
সভা শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, "ঘটনার সঙ্গে জড়িত এফ রহমান হলের আমিনুল ইসলাম আমিনসহ চার ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।"
তিনিন জানান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক সদরুল আমিনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বহিষ্কার হওয়া অন্য তিন ছাত্র হলেন নৃবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের আমিনুল ইসলাম, ইতিহাসের ২য় বর্ষের শিশির, সমাজবিজ্ঞানের ২য় বর্ষের ছাত্র সাইফুল ও নাট্যকলা বিভাগের মাস্টার্সের ছাত্র বেলায়েত আহমেদ।
কথাকাটাকাটির জের ধরে বৃহস্পতিবার রাতে শামসুন্নাহার হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা ১০ ছাত্রকে মারধর করে। এ ব্যাপারে পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে শুক্রবার শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে বিভাগের একজন ছাত্র।
ছাত্রদল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কীনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, "এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে অচিরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এদিকে, শনিবার দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল ও অপরাজেয় বাংলার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এরপর শিক্ষার্থীরা দোষীদের শাস্তি দাবি উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএইচবি/২১১০ ঘ.
bdnews24