রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৯ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত উপাচার্যের অপসারণ, ডিন নির্বাচন এবং আগামী ১০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলাসহ ছয় দফা দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষক সমাজ।
মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সরকারের কাছে এ দাবি জানায়।
সভায় শিক্ষকরা অভিযোগ করেন- রাবিতে বিগত জোট সরকারের আমলে নিয়োগকৃত দলীয় উপ-উপাচার্য বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে অনেক নীতিনির্ধারণী দায়িত্ব পালন করছেন যা শিক্ষক সমাজের কাম্য নয়। অবিলম্বে ভারপ্রাপ্ত উপাচার্যকে অপসারণ করে একজন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষককে উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।
প্রগতিশীল শিক্ষক সমাজ অবিলম্বে ডিন নির্বাচন এবং আগামী ১০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানান। গত জোট সরকারের আমলে বিতর্কিত সব নিয়োগ বাতিল করারও দাবি জানান।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচর্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত ফোনে সাংবাদিকদের জানান, তিনি ক্যাম্পাসের বাইরে আছেন। এ ব্যাপারে কোনো মন্তব্য করবেন না তিনি।
শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- কমিটির সদস্য অধ্যাপক মু. নুরুল্লাহ, ড. আনন্দ কুমার সাহা, জালাল উদ্দিন, এসএম আবু বকর, ড. চৌধুরী সারোয়ার জাহান সজল, ড. সুজিত সরকার, ড. ফায়েক উজ্জামান, দুলাল চন্দ্র রায়, সৈয়দ আলী হায়দার, হাসিবুল আলম প্রধান, তারেক নূর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৮৩৭ ঘ.
bdnews24