দিনাজপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'সংঘাত এড়াতে' দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সোমবার এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিকেল ৪ টার মধ্যেই ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ করতে বলা হয়। এতে দুর্ভোগের মধ্যে পড়ে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীকে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
হাবিপ্রবি'র প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সব বিভাগের তিনশয়ের মতো ছাত্র-ছাত্রী শিক্ষা সফরের জন্য বরাদ্দ বাড়ানোর দাবিতে গত ৩০ আগস্ট থেকে ক্লাস বর্জন করে আসছিলেন।
১৯৯০ সালের নিয়ম অনুযায়ী ১৭ দিনের শিক্ষা সফরের জন্য জনপ্রতি বরাদ্দ ৩৭৫০ টাকা। ছাত্রছাত্রীরা এ বরাদ্দ ১০ হাজার টাকা করার দাবি জানান। ছয় মাস আগে এ দাবিতে তারা উপাচার্যকে স্মারকলিপি দিলেও তা বাস্তবায়িত হয়নি।
গত শনিবার নতুন উপাচার্য ড. আফজাল হোসেন দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীরা আবারও এ দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা খাদেমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আফজাল হোসেনের সাভপতিত্বে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে হাবিপ্রবি কর্তৃপক্ষের এক বৈঠক হয়। বৈঠকে কর্তৃপক্ষ বরাদ্দ ৫ হাজার টাকা পর্যন্ত করতে চায়। কিন্তু এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হলে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় এক মাসের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, একই সঙ্গে ছাত্রছাত্রীদের হলত্যাগ করার নির্দেশও দেওয়া হয়। ছাত্রছাত্রীরা এই স্বল্প সময়ের মধ্যে হল ত্যাগে অসম্মতি জানালে পুলিশ ডেকে তাদের হল ত্যাগে বাধ্য করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এমএইচবি/২৩০৭ ঘ.
bdnews24