ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সরকারি কেসি কলেজে সোমবার সকালে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে।
সংঘর্ষের জন্য সংগঠন দুটি পরস্পরকে অভিযুক্ত করেছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ছাত্রলীগ কর্মী বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
কলেজের উপাধ্যক্ষ ফরিদউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, কমনরুমে ক্যারাম খেলা নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে সকাল ১০টার দিকে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ছাত্রদলকর্মী মাসুম ও ছাত্রলীগকর্মী শিমুলের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বাধে। পরে তা দলীয় সংঘর্ষে রূপ নেয়।
তিনি বলেন, "হাতাহাতির পাশাপাশি দুই পক্ষ পরস্পরকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। ওই সময় ক্যাম্পাসে দুটি বোমাও বিস্ফোরিত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
সংঘর্ষে আহত হাসেম, শিমুল, সেলিম মাহমুদ, শিপন ও খাইরুল ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগ সভাপতি আশফাক মাহমুদ জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদল বিনা উস্কানিতে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে।"
হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ জন ছাত্রলীগকর্মী বলে দাবি করেন আশফাক মাহমুদ।
তবে জেলা ছাত্রদলর সভাপতি আশরাফুল ইসলাম পিন্টুর অভিযোগ, ছাত্রলীগ কর্মীরাই তাদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, "ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। ক্যাম্পাস সংলগ্ন আমাদের এক নেতার বাড়িও ভাংচুর করেছে তারা।"
সংঘর্ষের পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24