বগুড়া, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ছাত্রাবাসে শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার কলেজের উপাধ্যক্ষ ডা. মো. শহিদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কলেজ অধ্যক্ষ ডা. মাহবুবুল করিম তদন্ত কমিটি গঠনের কথা স্বীকার করে বলেন, কমিটিকে আপাতত এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।
তার মতে ভবিষ্যতে যেন এধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় কর্তৃপক্ষ সে বিষয়টি নিশ্চিত করার ওপরই জোর দেবে।
তিনি জানান, শনিবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনা তদন্তে এই কমিটি গঠন করা হয়েছে। তবে তিনি কমিটির বাকি সদস্যরা হলেন- সহযোগী অধ্যাপক ডা. রফিকউদ্দিন, গোলাম মাহবুব, শাজাহান আলী ও জাহাঙ্গীর আলম।
মেডিকেল কলেজ ছাত্রাবাসের ডাইনিংয়ের খাতায় লেখা একটি মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ১০টায় কলেজে শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে দু'পক্ষের অন্তত ২১ জন আহত হয়। এ সময় শিবির কর্মীরা ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে ভাংচুর ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষের জের ধরে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24