ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নর অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক সানোয়ার হোসেনকে ৩০ আগস্টের মধ্যে স্থায়ীভাবে বরখাস্ত করার সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সানোয়ার হোসেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নিলে ৩০ আগস্ট থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করারও ঘোষণা দিয়েছে তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নির্লিপ্ত নয়ন বলেন, "সানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দু'টি সত্যাসত্য কমিটি করেছে। কমিটি অভিযোগের সত্যতা পেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রচলিত নিয়ম অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করেনি। বরং তাকে তিন মাসের ছুটি দেওয়া হয়েছে।"
নয়ন অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলন প্রভাবিত করার চেষ্টা করছে। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে দ্রুত বিচার শেষ হওয়ার আশ্বাস দিয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত করে।
সংবাদ সম্মেলনে ছাত্রমৈত্রীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিন্দ আরিফ বলেন, "সানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। কারণ একজন নিপীড়ক শিক্ষকের অধীনে ক্লাস করা নিরাপদ নয়।"
আন্দোলনের সমর্থনে ২৯ আগস্ট ঢাকায় বুদ্ধিজীবী সমাবেশ করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/জেএফ/এসএনডি/এমএইচবি/২০১৯ ঘ.
bdnews24