রাজশাহী, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কটুক্তি করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বৃহস্পতিবার এক ছাত্রদল কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
আহত ছাত্রদল কর্মী তোফাজ্জল হোসেন সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
রুয়েট উপাচার্য অধ্যাপক আ ফ ম আনওয়ারুল হক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আব্দুল মফিজ হাসপাতালে তাকে দেখতে যান।
সৈয়দ আব্দুল মফিজ জানান, বিষয়টি নিয়ে যাতে অনাকাঙ্খিক পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে থানা এখনও মামলা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহম্পতিবার দুপুরে রুয়েট শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা রুয়েটের প্রধান ফটকের কাছে দলীয় টেন্টে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার বার্ষিকীতে আলোচনা সভার আয়োজন করে। সভা চলাকালে ছাত্রদল কর্মী সুজন ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কটুক্তি করেন।
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে সুজনকে ক্ষমা চাইতে জন্য বলে। কিন্তু সুজন ক্ষমা না চাওয়ায় তারা লাঠি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক জখম করে।
পরে সুজনের বন্ধুরা এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আলোচনা সভায় উপস্থিত ছাত্রলীগ কর্মী ফয়সাল জানান, কটুক্তি করায় সংগঠনের কর্মীরা তার গায়ে হাত তুলেছে।
তবে হাসপাতালে সুজন কটুক্তি করার অভিযোগ অস্বীকার করে বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ছাত্রলীগের টেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় তার ওপর হামলা চালায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24