২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

ছাত্র সংঘর্ষের জন্য ছাত্র শিবিরের নেতা কর্মীদের দায়ী করে জড়িতদের গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের লাগাতার অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্র সংঘর্ষের জন্য ছাত্র শিবিরের নেতা কর্মীদের দায়ী করে জড়িতদের গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের লাগাতার অবরোধ প্রত্যাহার করা হয়েছে। অবরোধের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে আলোচনায় দাবি পূরণের আশ্বাস দেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আবুল মনসুর জামশেদ বিডিনিজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বৈঠকে উপাচার্য অধ্যাপক বদিউল আলম হামলার সঙ্গে জড়িতদের বিচার ও গ্রেপ্তারসহ আট দফা দাবির অধিকাংশই মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। গত শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেল স্টেশন চত্ত্বরে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করাকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে সাতজন আহত হন। এ ঘটনায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ছাত্রলীগ আট দফা দাবিতে সোমবার থেকে ক্যাম্পাসে লাগাতার অবরোধের ডাক দেয়। অবরোধের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকায় ক্যাম্পাসে কোন বিভাগেরই ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে দ্বিতীয় দিন কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের কারণে বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ আগেই স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/কিউএইচ/এমএসবি/২০২৩ ঘ.