খুলনা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুষ্ঠানস্থলে আসন দখলকে কেন্দ্র করে সোমবার খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ছাত্র-শিক্ষক ও পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
ঘটনার পরপরই কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী সজিব ও মনি, ছাত্রদলের বদরুদ্দোজা পাপ্পু, গিয়াস, অনিক ও গালিব, শিক্ষক নাসির মাহমুদ, আহমেদুল কবীর চাইনীজ ও নারায়ণচন্দ্র শীল এবং সদর থানার উপপরিদর্শক জামিল হোসেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার নেছার উদ্দিন আহমেদ জানান, সকালে কলেজে 'নেসক্যাফে স্টার' বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠানে আসন দখল নিয়ে দু'দল ছাত্রের সংঘর্ষ হয়। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ছাত্র শিক্ষক ও পুলিশসহ ১০জন আহত হন। তবে কারো অবস্থাই গুরুতর নয়।
তিনি জানান, সংঘর্ষে খুলনা সদর থানার উপ-পরিদর্শক জামিল হোসেন আহত হন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ছাত্রলীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারুক জামান হিটলু জানান, সকালে কলেজ ক্যাম্পাসে 'নেসক্যাফে স্টার' বাছাই প্রতিযোগিতায় শিল্পীদের গান পরিবেশনের সময় ছাত্রদলের কয়েকজন কর্মী এসে সাধারণ ছাত্রদের উঠিয়ে দিয়ে বসার চেষ্টা করে। সাধারণ ছাত্ররা এতে আপত্তি জানালে কথা কাটাকাটি হয়।
এ সময় ছাত্রলীগের কর্মীরা সাধারণ ছাত্রদের পক্ষ নিলে তাদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের হাতাহাতি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। ছাত্রদল কর্মীদের হামলায় ছাত্রলীগের কর্মী সজিব ও মনি আহত হয়েছেন বলে হিটলু জানান।
এ ব্যাপারে ছাত্রদল কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুলাহ হেল কাফি (সখা) জানান, সিটি কর্পোরেশন নির্বাচনের পর থেকেই ছাত্রলীগের ছেলেরা বিভিন্নভাবে কলেজ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় সিটি কলেজে তারা হামলা চালিয়েছে। এ হামলায় বদরুদ্দোজা পাপ্পু, গিয়াস, অনিক ও গালিব নামে ছাত্রদলের চার কর্মী আহত হয়ছেন।
সিটি কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. সফিকুর রহমান জানান, দুটি ছাত্র সংগঠনের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কলেজের শিক্ষক নাসির মাহমুদ, আহমেদুল কবীর চাইনীজ ও নারায়ন চন্দ্রশীল আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24