চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রলীগের ডাকা অবরোধের প্রথম দিনে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়গামী সব শাটল ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেতে পারেনি। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগের ক্লাশ হয়নি।
শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়।
নগরীর ষোলশহর রেল স্টেশন এলাকায় সকালে কয়েকজন ছাত্রের ছোঁড়া পাথরে মোহাম্মদ ইদ্রিস ও গোলাম মাওলা নামে দুইজন রেলকর্মী আহত হয়েছেন। তারা রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ঝাউতলা স্টেশন অতিক্রমের পর কয়েকজন ছাত্র ইঞ্জিন লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে চালক ইদ্রিস ও তার সহকারী গোলাম মাওলা আহত হন। এ ঘটনার পর আর ট্রেন চলেনি বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার দুপুরে চবি রেল স্টেশন চত্ত্বরে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন নিয়ে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে সাতজন আহত হন। হামলার প্রতিবাদে ছাত্রলীগ সোমবার থেকে লাগাতার অবরোধের ডাক দেয়।
বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ, ছাত্র শিবির এবং শিবিরের কর্মীদের হাতে লাঞ্চিত সাংবাদিক মহিউদ্দিন জুয়েল সোমবার হাটহাজারী থানায় পৃথক তিনটি মামলা করেছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্র শিবিরের দায়ের করা মামলায় ছাত্রলীগের ১৭ জনকে এবং ছাত্রলীগের দায়ের করা মামলায় শিবিরের ২০ জনকে আসামি করা হয়েছে।
ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার বিকেলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) শহীদুল হক ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বলে ওসি মো. আলমগীর জানান। বৈঠকের অগ্রগতি সন্তোষজনক বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24