চট্টগ্রাম, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় শোক দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা নিয়ে সংঘর্ষের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের শাস্তি ও বহিষ্কারসহ আট দফা দাবিতে সোমবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। (আরও তথ্যসহ)
রোববার বিকেলে ছাত্রলীগ চবি শাখার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয় ছাত্র শিবিরের ক্যাডাররা শোভাযাত্রায় হামলা করেছে।
হামলায় জড়িত শিবিরের নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ দাবি করেছে ছাত্রলীগ।
এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, জরুরি বিধি ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, ক্যাম্পাসে ঘরোয়া রাজনীতি চালু এবং এ সংক্রান্ত সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল, আহত ছাত্রলীগ কর্মীদের সুচিকিৎসা, জামাত-বিএনপি সমর্থিত শিক্ষকদের নিয়ে গঠিত তদন্ত কমিটি বাতিল এবং সাংবাদিক নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
শনিবার বিকেলে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন উপলক্ষে চবি রেল স্টেশনে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের সাত নেতাকর্মী আহত হয়। এ ঘটনার জন্য সংগঠন দুটি একে অপরকে দায়ী করছে।
একই ঘটনায় রোববার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপাচার্য ভবনে জরুরি বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন।
তিনি জানান, উপাচার্যের সভাপতিত্বে বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই বৈঠকে শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত সবগুলো রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্তও নেওয়া হয়।
বৈঠকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, সিন্ডিকেট সদস্য, প্রক্টর, প্রভোস্ট এবং পুলিশ, র্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে অধ্যাপক জসিম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24