২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে সাতজন আহত

জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালন নিয়ে শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেল স্টেশনে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালন নিয়ে শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেল স্টেশনে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন জুয়েল শিবির কর্মীদের হাতে লাঞ্ছিত হন। আহতদের মধ্যে দুজন হলেন- বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। বাকিরা ছাত্রলীগের নেতা-কর্মী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের সবাইকে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্র লীগ শনিবার দুপুর দেড়টার দিকে চবি রেল স্টেশনে একটি শোভাযাত্রা বের করতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বাধা দেয়। এসময় শিবিরের সাধারণ সম্পাদক আরিফের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী স্টেশনে অবস্থান করছিলেন। কর্মসূচি পালনে বাধা দেওয়ার প্রতিবাদে ছাত্রলীগ কর্মীরা স্টেশন থেকে শহরগামী ট্রেন ছাড়তে বাধা দেয়। এ নিয়ে শিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। কয়েকশ ছাত্রলীগ ও শিবিরের কর্মী ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালন করতে না দেওয়া এবং তা ঘিরে স্টেশনে শিবির ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। তিনি জানান, সংঘর্ষে দুপক্ষের সাতজনের মত সামান্য আহত হয়ে থাকতে পারেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী দুপুর একটা ও দুইটার ট্রেন ছাড়তে দেরি হয়েছে। পরে ট্রেন দুটি বিশ্ববিদ্যালয় থেকে ছেড়েছে যথাক্রমে পৌনে দুইটা এবং বিকাল চারটায়। এতে শহরগামী শিক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। ওসি আরও জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। সাংবাদিক মহিউদ্দিন জুয়েল লাঞ্ছিত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "শোক দিবসের নির্ধারিত কর্মসূচি পালন করতে না পেরে আমরা স্টেশনে বসে পড়ি। এ নিয়ে শিবিরের সাধারণ সম্পাদক কটুক্তি করেন এবং তাদের কয়েকজন কর্মী উস্কানিমূলক শ্লোগান দেয়। এতে সংঘর্ষের সূত্রপাত হয়।" সংঘর্ষে ছাত্রলীগের পাঁচজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। অপরদিকে শিবির সভাপতি আহমেদ শিহাব উল্লাহ বলেন, "প্রশাসন ছাত্রলীগকে কর্মসূচি পালন করতে না দেওয়ায় তারা ট্রেন চলাচলে বাধা দেয়। এর প্রতিবাদ জানাতে গেলে অর্তকিতে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তারা।" তিনি দাবি করেন, ইটের আঘাতে শিবিরের সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের মাথা ফেটে গেছে। চবি প্রক্টর মো . জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করা নিষিদ্ধ থাকায় ছাত্রলীগকে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।" বিকাল চারটা থেকে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। চবি সাংবাদিক সমিতি শনিবার বিকেলে জরুরি সভা করে মহিউদ্দিন জুয়েলের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে সোমবার ক্যাম্পাস খোলার দিন উপাচার্যকে স্মারকলিপি দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সমিতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/১৮২৬ ঘ.