রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত শিক্ষক ড. এস তাহের আহমদের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অনুজীবাশ্ম গবেষণাগারের নামকরণ হয়েছে।
ড. তাহেরের স্ত্রী সুলতানা আহমদ বৃহস্পতিবার গবেষণাগারের নামফলক উন্মোচন করেন।
বিভাগীয় সভাপতি অধ্যাপক কামরুল হাসান মজুমদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত।
২০০৫ সালের ১ ফেব্র"য়ারি নিজের বাসায় খুন হন ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রবীণ শিক্ষক ড. তাহের। এ হত্যাকাণ্ডে বিভাগীয় শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিনও জড়িত ছিলেন। হত্যা মামলার রায়ে মিয়া মহিউদ্দিসসহ চার জনের ফাঁসির আদেশ হয়েছে।
অনুষ্ঠানে অধ্যাপক মামনুনুল কেরামত বলেন, "ড. তাহেরের রেখে যাওয়া কাজের পরিধি তাকে অমর করে রেখেছে। এ নামকরণের মদ্য দিয়ে ড. তাহের যেমন একটি প্রতিষ্ঠানের রূপ পেয়েছে, তেমনি তার খুনীরাও সামাজিকভাবে শাস্তি পেলো।"
অধ্যাপক কামরুল হাসান মজুমদার বলেন, "সত্যের ব্যাপারে ড. তাহের ছিলেন আপসহীন। আর এ জন্যই তাকে প্রাণ দিতে হয়েছে।"
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০২ ঘ.
bdnews24