২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর ম্যাটস-এ শিবির-শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২৫

নোয়াখালী চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ে (ম্যাটস) মঙ্গলবার শিবিরের কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

নোয়াখালী, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ে (ম্যাটস) মঙ্গলবার শিবিরের কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহত দুই বহিরাগত শিবির কর্মী সাখাওয়াত ও আমজাদ হোসেন এবং ম্যাটসের ছাত্র মানস ও রাসেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেন তালুকদার জানান, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকজন শিবির কর্মী দুপুরে ম্যাটসের শিক্ষার্থীদের কাছে দলীয় প্রকাশনা ও ভর্তি গাইড বিক্রি করতে গেলে শিক্ষার্থীরা বাধা দেয়। এরপর দু'দলের সংঘর্ষে ২৫ জন আহত হয়। তিনি জানান, ম্যাটসের শিক্ষার্থীরা শিবির কর্মী আকতার, ছাবির, ইব্রাহীম, দিদারুল আলম, মোশারফ ও রাজিবকে অধ্যক্ষের কক্ষে আটকে রাখে। পরে সুধারাম থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ম্যাটস্ এর শিক্ষার্থী মানস ও রাসেল জানান, দীর্ঘদিন ধরে সংগঠন করার জন্য শিবির কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের চাপ দিচ্ছে। মঙ্গলবার দুপুরে তারা ছাত্রদের কাছে সংগঠনের প্রকাশনা কিশোর কণ্ঠ ও ভর্তি গাইড বিক্রি করতে গেলে শিক্ষার্থীরা বাধা দেয়। এতে ক্ষুব্ধ শিবির কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। বিকেলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সিকান্দার হায়াত খান সুধারাম থানায় হাসপাতালে চিকিৎসাধীন শিবির কর্মী সাখাওয়াত ও আমজাদ হোসেনকে আসামি করে মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/