২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার বিকেলে ভর্তির পরীক্ষার ফল নিয়ে ছাত্রদল ও শিবির কর্মীদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার বিকেলে ভর্তির পরীক্ষার ফল নিয়ে ছাত্রদল ও শিবির কর্মীদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পর শিবির কর্মীরা ছাত্রাবাসে এবং ছাত্রদল কর্মীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে দুজন হলেন- মোহাম্মদ ওসমান এবং সাইফুল ইসলাম। এরা ছাত্রদলের কর্মী। এদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল তিনটার দিকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল নোটিশ বোর্ডে টাঙানো হয়। উত্তীর্ণদের তালিকায় ছাত্রদলের পছন্দের শিক্ষার্থীদের রোল নম্বর না থাকায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে সেটা ছিঁড়ে ফেলে। এসময় শিবির কর্মীরা তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৩৯ ঘ.