২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-বাসশ্রমিক সংঘর্ষ, ভাঙচুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেটের সামনে বৃহস্পতিবার ছাত্র-বাস শ্রমিক সংঘর্ষে পাঁচ ছাত্র আহত হয়েছে। ভাড়া নিয়ে বসচাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সময় ছাত্ররা পাঁচটি বাস ভাঙচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

জবি, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেটের সামনে বৃহস্পতিবার ছাত্র-বাস শ্রমিক সংঘর্ষে পাঁচ ছাত্র আহত হয়েছে। ভাড়া নিয়ে বসচাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সময় ছাত্ররা পাঁচটি বাস ভাঙচুর করে। বাস ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল নব্বী ও শাকিল আলম পলাশ নামে দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আহতরা হলেন, সেলিম রহমান (সমাজ-বিজ্ঞান), সবুজ ইসলাম (দর্শন), কিরণ মাহমুদ (দর্শন), আসাদুর রহমান (মনোবিজ্ঞান), আরিফ ইসলাম (অর্থনীতি)। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান বলেন, ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে বাসের হেলপার ও কন্ডাক্টরের কথাকাটাকাটির জের ধরে বিক্ষুব্ধ ছাত্ররা ভিক্টোরিয়া পার্কের সামনে দাঁড়ানো পাঁচটি গাড়ি ভাঙচুর করে। পরে বাস শ্রমিকরা ছাত্রদের ধাওয়া করলে দু'পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়িতে পাঁচ ছাত্র আহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ি ভাঙচুর করার অভিযোগে দু'ছাত্রকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের কারণে রায় সাহেব বাজার থেকে সদরঘাট পর্যন্ত ১০ মিনিট যান চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি। মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র রকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টার দিকে আমি বুড়িগঙ্গা পরিবহনের একটি বাসে উঠলে ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার আমাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। তিনি জানান, এ খবর ক্যাম্পাসে পৌঁছলে ছাত্ররা বেরিয়ে এসে বাস ভাঙচুর করে। বাস শ্রমিকদের সঙ্গে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএইচবি/২১২৯ ঘ.