জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানির জন্য অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বরখাস্ত এবং নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ১৮ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৯ আগস্ট থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে তারা।
মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এরপর তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে।
অন্য কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে সংবাদ সম্মেলন এবং বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বর্জন। তবে ওই দিন পরীক্ষা চলবে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা প্রতিটি হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পরিবহন এলাকায় জড়ো হয়। পরে সবগুলো মিছিল এক হয়ে প্রশাসনিক ভবনে যায়। সেখানে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক এবং প্রক্টর মাফরুহী সাত্তার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং 'দ্রুততম সময়ের মধ্যে' দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
এরপর বেলা ১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুরাতন কলাভবনে আসে এবং সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।
গত ২৯ জুলাই রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ঘেরাও করে। ঘেরাওয়ের মুখে ওই দিন রাতভর প্রশাসন ভবনে আটকা পড়েন সিন্ডিকেট সদস্যরা। সিন্ডিকেটের ওই সভায় যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন নিয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি।
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী পৃথকভাবে বিভাগীয় সভাপতি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে ধারাবাহিকভাবে মিছিল-সমাবেশ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে এ পর্যন্ত তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুটি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। উপাচার্যের নেতৃত্বে গঠিত শেষ কমিটির তদন্ত কাজ অব্যাহত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/এমআই/১৪৫৭ ঘ.
bdnews24