আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাধারণভাবে এর নাম হতে পারে 'নিপীড়নবিরোধী নীতিমালা'। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় অবশেষে এটি কার্যকরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক আবু বকর সিদ্দিক শনিবার এর সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাস্তবায়নের জন্য আমরা বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করেছি।"
১৯৯০ এর দশকের মাঝামাঝিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবি ওঠে। ১৯৯৮ সালে ক্যাম্পাসে ধর্ষণবিরোধী অন্দোলনের সময় নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের দাবির সঙ্গে শিক্ষকদের একটি অংশও একাত্মতা প্রকাশ করে। এরপর বিভিন্ন সময়ে প্রশাসন নীতিমালা করার আশ্বাস দিলেও পরে তা বাস্তবায়ন হয়নি।
১৯৯৯ সালে ছাত্রলীগের 'ধর্ষক গ্র"প' এর বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা যৌন নিপীড়নবিরোধী নীতিমালার একটি খসড়া প্রশাসনকে দেয়। ২০০২ সালে একই ধরনের আরেকটি খসড়া জমা দেয় শিক্ষক সমিতি। সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে ক্যাম্পাসে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে নীতিমালা প্রণয়নের দাাবিতে আন্দোলন জোরালো হয়ে ওঠে। ওই সময় যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নে ইতিহাস বিভাগের শিক্ষক এটিএম আতিকুর রহমানের নেতৃত্বে একটি কমিটি করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১১ সদস্যের ওই কমিটি গত বছরের ৯ মে নীতিমালাটির বিভিন্ন বিধান চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য জমা দেয়। তবে এরপর সেটি কার্যকরের উদ্যোগ দেখা যায়নি।
স
bdnews24