২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলায় নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক এম মোফাখখারুল ইসলামকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শাহ-ই আলমকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক এম মোফাখখারুল ইসলামকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শাহ-ই আলমকে। বিশ্ববিদ্যালয় দু'টির চ্যান্সেলর, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ তাদের নিয়োগ দেন বলে বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। নাম না প্রকাশের শর্তে এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যোগ্য উপাচার্য খোঁজার জন্য সরকার গঠিত সার্চ কমিটি গত ১৬ জুন সভা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য চারজন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জন্য তিন জনের নাম ঠিক করে চ্যান্সেলরের কাছে পাঠায়। এই দু'টি প্যানেল থেকে মোফাখখারুল ইসলাম ও শাহ-ই আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপ-উপাচার্য রাশিদুল হাসান। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ও ভারপ্রাপ্ত উপাচার্যের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। এতে দায়িত্ব পালন করছিলেন এই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হাবিব আবু ইব্রাহিম। এর আগে সার্চ কমিটির সদস্য সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এজেডএম শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে মোট ৯১ জন আগ্রহ প্রকাশ করেছেন। আর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন ৫৬ জন। তার মধ্যে থেকে তারা দুটি প্যানেল ঠিক করেন। ১৯৭৩ এর অধ্যাদেশের আওতায় পরিচালিত ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য গত বছরের ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় 'সার্চ কমিটি' গঠন করে। সার্চ কমিটির চেয়ারম্যান হচ্ছেন শিক্ষা সচিব এবং কো-চেয়ারম্যান হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/ইএইচবি/এমএইচবি/২৩০২ ঘ.