জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল পুষ্পোদ্যান উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান পুষ্পোদ্যান উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতাউর রহমান খানের উদ্যোগে এ পুষ্পোদ্যান করা হয়েছে। রবীন্দ্র ও নজরুলের কাব্য ও সঙ্গীতে উপমা, প্রতীক বা প্রসঙ্গ হিসেবে যেসব ফুলের নাম রয়েছে সেগুলোর গাছ এ পুষ্পোদ্যানে রোপণ করা হবে।
পুষ্পোদ্যান উদ্বোধন করে উপাচার্য বলেন, "রবীন্দ্র-নজরুলের কাব্য ও সঙ্গীতে যেসব ফুলের কথা রয়েছে, এ পুষ্পোদ্যানের মাধ্যমে সেসব ফুলের সঙ্গে সবার পরিচয় ঘটবে।"
এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এবং ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে এ ধরনের উদ্যোগ গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উপাচার্য পুষ্পোদ্যানে একটি কামিনী ফুলের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমএসবি/১৭৪১ ঘ.
bdnews24