২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র সংঘর্ষের জেরে বন্ধ চমেক, খুলবে সোমবার

ছাত্র সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ সোমবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ সোমবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে চমেকের প্রধান ছাত্রাবাসে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ছাত্রাবাসের কক্ষে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনার পর রাত সাড়ে তিনটায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। আবাসিক ছাত্রদের শুক্রবার ভোর সাড়ে পাঁচটার মধ্যে ছাত্রাবাস খালি করার নিদের্শের পর ছাত্ররা সকালের মধ্যে ছাত্রাবাস ছেড়ে চলে যায়। চমেক অধ্যক্ষ অধ্যাপক এম এ ওয়াহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি ছাত্র সংগঠনের কর্মীদের সংঘর্ষের ঘটনায় শুক্রবার সকাল থেকে কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে সন্ধ্যায় আবার একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডেকে শিক্ষার্থীদের একাডেমিক বিষয় বিবেচনা করে সোমবার (১৪ জুলাই) কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাশ শুরুর একদিন আগে রোববার কলেজের ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হবে বলেও তিনি জানান। অধ্যাপক ওয়াহাব জানান, বৃহস্পতিবার রাতে দুটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায় দোষীদের চিহ্নিত করতে একটি এবং ক্ষয়ক্ষতি নিরূপণে পৃথক আরেকটি কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিতে পাঁচজন করে সদস্য থাকবেন। শুক্রবার সকাল থেকে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে অধ্যক্ষ জানান। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাডেমিক কাউন্সিলের সভায় ভোর সাড়ে পাঁচটার মধ্যে বিদেশি ছাত্র ছাড়া অন্যদের ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশের পর ছাত্ররা সকালের মধ্যে ছাত্রাবাস ছেড়ে চলে গেছে। ছাত্রাবাসসহ কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সংঘর্ষ ও ভাংচুরে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- পঞ্চম বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম ও নাফিজ আলম এবং বরিশাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র পরিতোষ দাশ। এ ঘটনায় আহত ১০ ছাত্রের মধ্যে তিনজন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হলেন- দ্বিতীয় বর্ষের ছাত্র দেলোয়ার হোসেন ও সাইফুল ইসলাম এবং পঞ্চম বর্ষের মমিনুল হক। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ছেড়ে চলে গেছেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত এগারটার দিকে প্রধান ছাত্রাবাসের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধে। রাত সাড়ে বারটা পর্যন্ত সংঘর্ষ চলে। এসয় বিক্ষুব্ধ উভয় ছাত্র সংগঠনের কর্মীরা ছাত্রাবাসের ২৬ কক্ষ ভাংচুর ও দুটি কক্ষে অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শী চমেকের চতুর্থ বর্ষের ছাত্র তন্ময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্র শিবিরের কর্মীরা বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ছাত্রদলের দখল করা দুটি রুম জোর করে দখল করে সেখানকার ছাত্রদের বের করে দেয়। এর ঘন্টা খানেক পর ছাত্রদলের কর্মীরা শিবিরের দখলে থাকা কয়েকটি রুমে হামলা চালায়। রাত ১১টার দিকে উভয় সংগঠনের কর্মীরা জড়ো হয়ে পাল্টা পাল্টি হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় বিবদমান সংগঠনের বিভিন্ন কক্ষে এলোপাথারী হামলা ও ভাংচুর চালায়। তারা দ্বোতলার ১০/সি এবং ৯/সি রুমে অগ্নি সংযোগ করে। তিনি জানান, এলোপাথাড়ি ভাংচুর ও হামলায় বিভিন্ন কক্ষের বিবদমান সংগঠনের কর্মীদের ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের বই পুস্তক, কম্পিউটার ও অন্যান্য আসাবিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র দুই ঘন্টার নোটিশে ভোর বেলা ছাত্রাবাস ত্যাগ করতে নির্দেশ দেয়ায় সাধারণ ছাত্ররা দারুণ বিপাকে পড়েছে বলেও তিনি জানান। রাতে ছাত্রাবাস খালি করে কলেজ বন্ধ ঘোষণার পর ভোর থেকে সাধারণ শিক্ষার্থীরা কলেজ ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করে। সকাল নয়টার মধ্যে ছাত্রাবাস খালি হয়ে যায়। পাচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। আর কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান। সকালে ছাত্রদল ও ছাত্র শিবিরের কোন নেতাকে ছাত্রাবাস কিংবা কলেজ ক্যাম্পাসে দেখা যায়নি। একাধিক নেতার সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জিএনএ/এমএসবি/২১৪৫ ঘ.