২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির বিজ্ঞান অনুষদে ডিনস পদক পেলেন ২৮ শিক্ষার্থী

ফলোন্নয়ন পরীক্ষা ছাড়াই স্নাতকে (সম্মান) সবচেয়ে বেশি নম্বর পাওয়ায় ডিনস পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ২৮ জন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফলোন্নয়ন পরীক্ষা ছাড়াই স্নাতকে (সম্মান) সবচেয়ে বেশি নম্বর পাওয়ায় ডিনস পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ২৮ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিজ্ঞান অনুষদের আটটি বিভাগের ছয়টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এ পদক দেওয়া হয়। বিজ্ঞান অনুষদের পদার্থ বিজ্ঞান, রসায়ণ বিভাগ, কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ, গণিত বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, ফলিত পদার্থ, ইলেক্ট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্ত বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ থেকে ২০০৪-০৫ শিক্ষাবর্ষে ফলোন্নয়ন পরীক্ষা ছাড়াই সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা ডিনস পদক পান। শিক্ষার্থীদের একটি করে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, "চার বছরের শিক্ষা জীবনে কোন রকম ফলোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই শিক্ষার্থীদের এ ফলাফল স্বীকৃতি পাবার যোগ্য। আর ডিনস অ্যাওয়ার্ডই এর যথাযোগ্য স্বীকৃতি।" বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, "ডিনস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের মেধাকে সম্মান জানানোর জন্য প্রদান করা হয়। মাঝে কয়েক বছর এ অ্যাওয়ার্ড দেওয়া অনিয়মিত হলেও এটা যেন নিয়মিত দেওয়া হয় সে চেষ্টা করা হবে।" তিনি বলেন, এ পুরস্কার ভবিষ্যতে শিক্ষার্থীদের আরো ভালো ফলাফলের অনুপ্রেরণা দেবে। ২০০৪-০৫ শিক্ষাবর্ষের ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তহমিনা জেবিন ফলোন্নয়ন পরীক্ষা দেওয়া ছাড়াই স্নাতকে প্রথম শ্রেণীতে তৃতীয় হয়ে ডিনস পদক পেয়েছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেবিন বলেন, "ফলোন্নয়ন পরীক্ষা না দিয়ে প্রথম শ্রেণী তৃতীয় হওয়া সত্ত্বেও আমাকে এ পদক দেওয়া হচ্ছে। এটা সত্যিই খুব আনন্দের।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার। অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিতি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এমএ/১৬৫৩ ঘ.