ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের নিঃশর্ত মুক্তির দাবিতে ১৫ থেকে ১৯ জুলাই দেশব্যাপী স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।
একই দাবিতে ১৩ জুলাই ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন করারও ঘোষণা দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে বুধবার এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা এ কর্মসূচি ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শেখ হাসিনার স্থায়ী মুক্তির কোনো বিকল্প নেই। তার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচন- কোনোটিই সম্ভব নয়।
কোনো অপরাধ ও মামলা ছাড়াই ১৮ মাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে আটক রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, "এর মধ্যে একবার তাকে মুক্তি দেওয়া হলেও জেলগেট থেকে আবার আটক করা হয়।"
মাহমুদ হাসান রিপন জানান, দাবি আদায়ের লক্ষ্যে ১৫ থেকে ১৯ জুলাই দেশব্যাপী সাংগঠনিক সফরেরও আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অবিলম্বে জরুরি আইন প্রত্যাহার, সংসদ নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার এবং শিক্ষা উপকরণসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানানো হয়।
অন্যান্যের মধ্যে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু ,সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/১৬২৫ ঘ.
bdnews24