ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এবার উচ্চ মাধ্যমিক পর্যায়ে (একাদশ শ্রেণী) মেধাবী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে রাজধানীসহ দেশের নামকরা কলেজ গুলোতে দ্বিতীয় শিফট চালু করার চিন্তাভাবনা করছে সরকার।
প্রাথমিক পর্যায়ে রাজধানীর কয়েকটি কলেজের অধ্যক্ষদের কাছে মৌখিক প্রস্তাব দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
মঙ্গলবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিয়ে এখনও চিন্তাভাবনার পর্যায়েুুুু আছে। তবে এটা হলে খুব ভাল হয়। এরফলে মেধাবী শিক্ষার্থীরা ভাল প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে।"
তবে ঢাকা কলেজের অধ্যক্ষ বশিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এরকম মৌখিক প্রস্তাব পেয়েছি। কিন্তু ভৌত অবকাঠামোর কারণে দ্বিতীয় শিফট চালু করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে অন্যদের কথা জানিনা।"
গত বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে নয় বোর্ডে জিপিএ- ৫ পেয়েছে ৫২ হাজার ৫০০ শিক্ষার্থী। এরমধ্যে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্তদের সংখ্যা ৪১ হাজার ৯১৭।
এবার নয় বোর্ডে সব মিলিয়ে উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৫৬৩ শিক্ষার্থী। এর মধ্যে সাত বোর্ডে এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৫৭৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরএ/এমএ/১৫৪০ ঘ.
bdnews24