রাজশাহী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছালীগের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ছাত্রদল।
শনিবার রাতে রুয়েট শাখা ছাত্রদলকর্মী বেনজির আহমেদ তমাল মতিহার থানায় এ মামলা করেন।
এর আগে গত শুক্রবার রাতে রুয়েট শাখা ছাত্রলীগ কর্মী আল-আমীন ও আসাদুল্লাহ রাসেল ছাত্রদলের ১৮ কর্মীকে আসামি করে একই থানায় মামলা করেন। ওই মামলায় শনিবার একজনকে গ্রেপ্তারও করে পুলিশ।
গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম হলে টিভি দেখাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বুধবার রাতে ছাত্রদল কর্মীরা হামলা চালায়। এতে ছাত্রী লীগের কয়েকজন কর্মী আহত হন।
মামলার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক দুলাল হোসেন জানান, মামলায় রুয়েট শাখা ছাত্রলীগকর্মী আরশাদ পারভেজ, ফয়সাল, রাসেল, জুনায়েদ, তুহিন, রুবেল, রনি, আলমগীর, নাজমুল, শিশির, নিলয় বিশ্বাস, হিমেল ও সজীবকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার আসামি ছাত্রলীগ কর্মী আরশাদ পারভেজ রোববার সাংবাদিকদের জানান, ঘটনার দিন তিনি রাজশাহীতে ছিলেন না। তার মত আরও অনেকেই ঘটনার দিন রাজশাহীতে ছিলেন না দাবি করে পারভেজ বলেন, "শুধু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের হয়রানির জন্য পরিকল্পিতভাবে এ মামলা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24