ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সঙ্গে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন। তারা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কর্পোরেট বাণিজ্য মেনে নেওয়া যায় না।
৩০ বছর মেয়াদি ওই চুক্তির আওতায় জিপি টিএসসিতে প্রতিবছর আয়োজিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্র্যান্ডিংয়ের সুযোগ পাবে। সেখানে একটি বেস স্টেশন ও টাচ পয়েন্ট স্থাপনের সুবিধাও পাবে প্রতিষ্ঠানটি। এসবের বিনিময়ে জিপি কর্তৃপক্ষ টিএসসির উন্নয়নে ৭০ লাখ টাকা আর্থিক সহায়তা দেবে।
গত ১৬ জুন এ বিষয়ে গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করে টিএসসি কর্তৃপক্ষ। এর আগে ২৬ মে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট চুক্তির বিভিন্ন ধারা অনুমোদন দেয়।
গ্রামীণফোনের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রীসহ কয়েকটি সংগঠন।
প্রগতিশীল ছাত্রজোট কর্মীরা ক্যাম্পাসে মিছিল শেষে বেলা ১২টার দিকে টিএসসি ঘেরাও কর্মসূচিও পালন করে।
গ্রামীণফোনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কর্তৃপক্ষের চুক্তির একটি অনুলিপি পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তাতে দেখা যায়, চলতি বছরের ১ জুলাই কার্যকর হওয়ার পর এর মেয়াদ থাকবে ২০৩৮ সালের ৩০ জুন পর্যন্ত।
চুক্তি অনুযায়ী, টিএসসির সামনের 'শান্তির পাখি' ভাস্কর্য তৈরি ও সামনের চত্বরটির সৌন্দর্য বধর্নের জন্য ২০ লাখ টাকা দেবে গ্রামীণফোন। এ দুটি স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য আরো ১০ লাখ টাকা দেবে তারা।
এর বিনিময়ে জিপি 'শান্তির পাখি' ভাষ্কর্যের নিচে মার্বেল পাথরের বেদীতে ব্র্যান্ডিংয়ের সুবিধা পাবে। এছাড়া টিএসসির দুই ফটকে নিজস্ব নকশা অনুযায়ী আরো দু'টি ভাষ্কর্য করতে পারবে প্রতিষ্ঠানটি।
টিএসসি ক্যাফেটেরিয়া শীতাতপ নিয়ন্ত্রিত করার জন্য ৩০ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে চুক্তিতে। এর বিনিময়ে ক্যাফেটেরিয়ার দেওয়াল, পিলারেও জিপিকে আজীবন ব্র্যান্ডিংয়ের সুযোগ দেবে টিএসসি কর্তৃপক্ষ।
চুক্তি অনুযায়ী, টিএসসির ছয়টি বার্ষিক অনুষ্ঠান (বসন্ত উৎসব, বৈশাখী উৎসব, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইত্যাদি) আয়োজনে জিপি প্রতিবছর টিএসসিকে ১০ লাখ টাকা দেবে। ওইসব অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি নিজেদের বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে।
এসব সুবিধার পাশাপাশি টিএসসির এলাকার পূব দিকের অব্যবহৃত অংশে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় স্থায়ী বা অস্থায়ী গ্রাহক সেবাদানকারী টাচ পয়েন্ট ও বেস স্টেশন করতে পারবে গ্রামীণফোন কোম্পানি। নিজস্ব লোগো সম্বলিত ওই দুটি স্থাপনার জন্য টিএসসিকে মাসে ৩৫ হাজার টাকা করে ভাড়া দেবে তারা।
চুক্তির সর্বশেষ শর্তানুসারে, ১ জুলাইয়ের মধ্যে টিএসসি এলাকা থেকে জিপির বিজ্ঞাপন ছাড়া অন্য যেকোন বিজ্ঞাপন সরিয়ে ফেলতে হবে। এছাড়া, ভবিষ্যত যে কোন অনুষ্ঠানে স্পন্সর হিসেবে জিপিকে অগ্রাধিকার দিতে বাধ্য থাকবে টিএসসি কর্তৃপক্ষ।
টিএসসির পরিচালক আলমগীর হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুক্তিতে জিপিকে কোনো বিশেষ অধিকার বা ক্ষমতা দেওয়া হয়নি। টিএসসির দীর্ঘ ইতিহাসে কোনো প্রতিষ্ঠান এর উন্নয়নে এগিয়ে আসেনি। জিপি এগিয়ে আসায় তাদের সঙ্গে চুক্তি হয়েছে।"
চুক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, "ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কোনোকিছুই আমরা করব না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থের পরিপন্থী কিছু হলে যেকোনো সময় এ চুক্তি বাতিলের সুযোগ রয়েছে।"
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি।
তবে কোষাধ্যক্ষ সৈয়দ আবুল কালাম আজাদ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুক্তি হলেই যে সব শেষ হয়ে গেল এমন তো নয়। যে কোনো সময় তা বাতিলের সুযোগ আছে।"
চুক্তির প্রস্তাব সিন্ডিকেটে পেশ করার সময় এর মেয়াদ সম্পর্কে কিছু জানোনো হয়নি বলে দাবি করেন তিনি।
এদিকে, প্রগতিশীল ছাত্রজোট চুক্তিটি বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
জোটের শরিক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে পুঁজি করে একটি করপোরেট প্রতিষ্ঠান বাণিজ্য করবে- এটা মেনে নেওয়া যায় না। চুক্তিটি বাতিল না করলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।"
টিএসসিকেন্দ্রিক সংগঠন 'ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ' এর সভাপতি শমী সুহৃদ স্মরণ বলেন, " বিশ্ববিদ্যালয়ের আদর্শের সঙ্গে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের আদর্শ কখনোই মেলে না। ছাত্র-শিক্ষক কেন্দ্র তো শিক্ষার্থীদের জন্যই। অথচ এ কেন্দ্র সম্পর্কে এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো অংশগ্রহণ ছিল না।"
এ বিষয়ে জানতে চাইলে টিএসসি'র উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের ভালোর জন্যই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। আমরা শিক্ষার্থীদের মতামতকেই গুরুত্ব দেব। এরই মধ্যে বিষয়টি নিয়ে ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের আলোচনা শুরু করেছেন উপাচার্য।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদও জানান, ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন, যে কোনো কাজে সাধারণ শিক্ষার্থীদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএইচসি/এসএনডি/এমএ/২০১৫ ঘ.
bdnews24