২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ ফল: ৮৩৪টি মাধ্যমিক স্কুলের এমপিও, স্বীকৃতি স্থগিত

এসএসসি এবং কারিগরী বোর্ডের অধীন এইচএসসি বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য দেশের ৮৩৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৮২টি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের এমপিও (মাসিক সরকারি অর্থপ্রদান) অথবা একাডেমিক স্বীকৃতি স্থগিতের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এসএসসি এবং কারিগরী বোর্ডের অধীন এইচএসসি বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য দেশের ৮৩৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৮২টি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের এমপিও (মাসিক সরকারি অর্থপ্রদান) অথবা একাডেমিক স্বীকৃতি স্থগিতের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। শিগগিরই এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে আদেশ জারি করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব হাবিবুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই একদিনের মধ্যে বিএম কলেজগুলোর বিষয়ে আদেশ জারি হবে। আর স্কুলগুলোর বিষয়ে আদেশ জারি হবে খুব শিগগিরই।" শিক্ষা মন্ত্রণালয়ের আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের (২০০৭) এসএসসি পরীক্ষায় সেসব বিদ্যালয় থেকে ৫ জনের কম শিক্ষার্থী পাস করেছে এমন ৮৩৪টি বিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫১২টি বিদ্যালয়ের এমপিও স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে ৩২২টি বিদ্যালয়ের। তিনি জানান, কারিগরী বোর্ডের অধীনে গত বছরের এইচএসসি (বিএম-ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য মোট ৮২টি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে পাঁচ জনের কম পাস করেছে এমন ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে চারটির এমপিও স্থগিত এবং ৬৯টির একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হচ্ছে। আর একজনও পাশ করেনি এমন ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টির এইচএসসি স্তরের এমপিও এবং চারটির একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, পরবর্তীতে ভাল ফল করার শর্তে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে। প্রসঙ্গত, বেসরকারি স্কুল- কলেজ প্রতিষ্ঠার পর প্রথমে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক একাডেমিক স্বীকৃতি দেওয়া হয়। এরপর বিভিন্ন শর্ত পুরণ সাপেক্ষে প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে প্রতি মাসে সরকার থেকে অর্থ অর্থ প্রদান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচবি/২০৫৯ ঘ.