মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষায় অনগ্রসর ২০টি ইউনিয়নে সরকারি তত্ত্বাবধায়নে ২০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত মাধ্যমিক শিক্ষাখাত উন্নয়ন প্রকল্পের অধীনে এসব বিদ্যালয় নির্মাণ করা হবে।
গত ৩ জুন শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে বিদ্যালয় স্থাপনের জন্য ২০টি 'আন্ডার সার্ভড' ইউনিয়নের বিশটি গ্রামও ঠিক করে দিয়েছে।
মাধ্যমিক শিক্ষাখাত উন্নয়ন প্রকল্পের (সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট) পরিচালক এম এ এন সিদ্দিক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারা দেশে যেসব ইউনিয়নে প্রয়োজন অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয় নেই (আন্ডার সার্ভড ইউনিয়ন), সেসব জায়গায় এসব বিদ্যালয় স্থাপন করা হবে।"
তিনি জানান, ইতোমধ্যে ২০টি বিদ্যালয়ের জন্য জমি ঠিক করা হয়েছে। এক মাসের মধ্যে সেগুলো বিদ্যালয়ের নামে লিখে দেয়া হবে। ওই জমিতে ভবন তৈরির কাজ শুরু হবে আগামী শুকনো মৌসুমে। প্রকল্পের অধীনে সরকার স্কুল ভবন তৈরি করে দেবে।
প্রকল্প পরিচালক বলেন, "বিদ্যালগুলোর নাম হবে গ্রামের নাম অনুসারে। আশা করছি, ২০১০ শিক্ষাবর্ষ থেকে এসব বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে।"
এম এ এন সিদ্দিক জানান, এই প্রকল্পের অধীনে ২০১৩ সালের মধ্যে সারা দেশে মোট ৫৬টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। ইতোমধ্যে এ ব্যাপারে একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিদ্যালয় নির্মাণের জন্য মন্ত্রণালয়ের নির্দেশিত ইউনিয়ন ও গ্রামগুলো হলো- পাবনা জেলার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের হরিণাথপুর গ্রাম, ভোলার তজুমুদ্দিন উপজেলার সোনাতলা ইউনিয়নের চর জহিরউদ্দিন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের বাহেরবালী গ্রাম, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চক পালপাড়া গ্রাম।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের পশ্চিম বনকাইশ, নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের পূর্ব বাঘাইকান্দি, সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বদরপুর, ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি, মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের চরমধ্যনগর, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের দক্ষিণকূল, দিরাইয়ের করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রাম ও ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রাম।
এছাড়া, লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু, চরগাজী ইউনিয়নের চর আফজাল, চট্রগ্রামের পটিয়া উপজেলার জুলধা ইউনিয়নের জুলধা, কক্সবাজারের রামুর খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং, টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের মারিশ বুনিয়া, বান্দরবান সদরের গোয়ালিয়া খোলা, নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা এবং কুমিল্লা জেলার দাউদকান্দি ইউনিয়নের উত্তর দাউদকান্দি ইউনিয়নের ভাজরা গ্রাম।
প্রকল্প পরিচালক জানান, এসব বিদ্যালয় স্থাপনের জন্য জায়গা দিচ্ছে স্থানীয় জনগোষ্ঠী (কমিউনিটি)। আর বিদ্যালয়ের নাম স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট গ্রামের নামানুসারে হবে।
এম এ এন সিদ্দিক বলেন, "এসব বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তা না হলে দলাদলির বিষয়টি চলে আসবে।"
তিনি জানান, মাধ্যমিক শিক্ষাখাত উন্নয়ন প্রকল্পের আগের মেয়াদে মোট ৫৯টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়। এগুলোর মধ্যে ৩৭টি বিদ্যালয় ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২১০৮ ঘ.
bdnews24