জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ সাতটি নতুন বিভাগ চালু হচ্ছে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
২০০৮-'০৯ শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগগুলোতে ভর্তি শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসআই খান।
তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন বিভাগগুলোর সিলেবাস প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। ২০০৮-'০৯ শিক্ষাবর্ষ থেকেই বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে।"
নতুন বিভাগগুলো হচ্ছে- ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আইন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং লোক প্রশাসন ।
নতুন বিভাগ চালুর বিষয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পাওয়া গেছে বলে উপাচার্য জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চারটি অনুষদের অধীন ২৪টি বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৮ হাজার।
অধ্যাপক এসআই খান আরও জানান, বিশ্ববিদ্যালয়ে খুব শিগগিরই ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব ও সাইবার সেন্টার চালু হবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে এ সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৫ ঘ.
bdnews24