ঢাকা,জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীনে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি করে কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি প্রাথমিক শিক্ষকদের একাংশ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অন্যতম সংগঠন 'বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি'-র নেতারা বলেছেন, 'কোন অবস্থাতেই' তারা ব্র্যাকের অধীনে প্রশিক্ষণ নেবেন না।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সমিতির মহা সম্পাদক আবদুস সালাম এই ঘোষণা দিয়ে বলেন, "জরুরি অবস্থা না থাকলে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে লাখ লাখ শিক্ষক ঢাকায় অবস্থান নিত।"
তিনি বলেন, "আগামী ১০ জুনের মধ্যে সিদ্ধান্ত বাতিল না করা হলে সব প্রাথমিক বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন, সামাজিক আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সর্বোচ্চ ৩০ জুনের মধ্যে দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওসহ কর্মসূিচ পালন করা হবে।"
একই দাবিতে তারা আগামী ৫ জুন সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করবেন বলে জানান মহা সম্পাদক আবদুস সালাম ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে বেসরকারিকরণ তথা পণ্যে পরিণত করার 'প্রাথমিক টেস্ট কেস' হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা ভেবে তারা শঙ্কিত।
আবদুস সালাম বলেন," আমরা মনে করি, প্রাথমিক শিক্ষার উন্নয়নের নামে পিইডিপি-২ এর হাজার হাজার কোটি টাকার দিকেই ব্র্যাকের দৃষ্টি এবং এটাকে আমরা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড বলে মনে করছি"।
এই কর্মসূচি চললে এক বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা 'ধ্বংস হয়ে যাবে' বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিভিন্ন প্রশ্নের জবাবে সমিতির সভাপতি মুহাঃ আবদুল আউয়াল তালুকদার এ বিষয়ে সরকারের দেওয়া বক্তব্যকে 'ভুল' আখ্যায়িত করেন।
সরকার বলেছিল, শিক্ষকরা বিষয়টি পুরোপুরি না বুঝেই কথাবার্তা বলছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৫ মার্চ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৩ মার্চের পৃথক পৃথক আদেশে ৩০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়কে ব্র্যাকের নিয়ন্ত্রণে প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/১৮১৬ঘ.
bdnews24