শেকৃবি (ঢাকা), জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দফা দাবিতে ছাত্রদের ভাংচুরের পর মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকাল ৫টার মধ্যে কর্তৃপক্ষ হল খালি করতে শিক্ষার্থীদের নির্দেশ দিলেও ছাত্র-ছাত্রীরা নির্দেশ না মানার ঘোষণা দেয়। পরে প্রশাসনের চাপে সন্ধ্যা ৭টা থেকে হল ছাড়তে শুরু করে তারা।
নানা অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে সম্প্রতি বহিষ্কার করে প্রশাসন। ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার ছাড়াও চলতি সেশনে স্নাতক (সম্মান) উত্তীর্ণ সব শিক্ষার্থীকে এমএস কোর্সে ভর্তির সুযোগ দেওয়া, একাডেমিক কাউন্সিলে ছাত্র প্রতিনিধি নিয়োগ, পোষ্য কোটার সব ভর্তি বাতিলসহ সাত দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মঙ্গলবার সকাল ১০টায় ভারপ্রাপ্ত উপাচার্যকে স্মারকলিপি দিতে যায়।
কিন্তু ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক হাবিব আবু ইব্রাহীম তাদের সঙ্গে দেখা করেননি অভিযোগ করে শিক্ষার্থীরা ছাত্র উপদেষ্টা অধ্যাপক নূরুল ইসলামের কক্ষসহ প্রশাসনিক ভবনের বেশ কয়েকটি কক্ষে ভাংচুর চালায়। তারা বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে তাতে আগুনও ধরিয়ে দেয়।
শিক্ষার্থীরা ওই সময় দাবি মেনে নিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রুহুল আমিন বিকেলে সাংবাদিকদের জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা পর্ষদের (একাডেমিক কাউন্সিল) জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, "বর্তমান পরিস্থিতি নিয়ে আজ (মঙ্গলবার) বিকেলে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডাকেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক হাবিব আবু ইব্রাহীম। সে সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।"
তবে প্রশাসনের নির্দেশে প্রথমে শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দেয়। পরে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন এবং প্রশাসনের মাইকিংয়ের পর সন্ধ্যা ৭টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করে। অবশ্য হলের প্রায় তিনশ'র মতো শিক্ষার্থী বুধবার সকাল পর্যন্ত হলে থাকার জন্য আবেদন করে। তবে রাত ৮টার দিকে উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেট বৈঠকে আবেদনটি গ্রহণ করা হয়নি।
রাত ১০টায় সিন্ডিকেট বৈঠক শেষে সিন্ডিকেট সদস্য ও এগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হলে থাকার যে আবেদন করেছিল তা গ্রহণ করা হয়নি।"
সিন্ডিকেটের সিদ্ধান্ত জানার পর ক্যাম্পাস প্রায় পুরোপুরি ফাঁকা হয়ে যায়। তবে বাড়ি যাওয়ার ব্যবস্থা না করতে পেরে বিচ্ছিন্নভাবে কিছু ছাত্র হলে রয়েছে।
তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার মাহবুবুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হল ছাড়ার নির্দেশ পাওয়ার পর প্রথমে রাজি না হলেও ৭টার দিকে বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে গেছে। ক্যাম্পাসে আট প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএনডি/২৩১০ ঘ.
bdnews24